জার্মানি থেকে ওমরাহ কিভাবে করবেন?

বায়তুল্লাহ পুনর্নির্মাণের পর ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর নির্দেশে এই প্রাচীন গৃহের উদ্দেশে হজ্ব পালনের আহ্বান জানালেন, সেই আওয়াজ পৌঁছে গেলো গোটা দুনিয়ার সমস্ত জায়গায় এবং জগৎবাসীর কাছে। আর সেই আহ্বানের সাড়া দিতেই আল্লাহর মুত্তাকী বান্দারা এই পবিত্র ঘরে হজ্ব পালনের উদ্দেশ্যে ছুটে যাচ্ছেন হাজার বছর ধরে।

আল্লাহ রব্বুল আলামিন সামর্থবানদের ওপর হজ্ব ও ওমরা পালনের নির্দেশ দিয়েছেন। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহ ‘আনহু থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমরা হজ্ব ও ওমরা একটার পর অপরটা কর; কারণ হজ্ব ও ওমরা ঐভাবে অভাব ও গুনাহ দূর করে দেয় যেভাবে কামারের হাপর লোহা, সোনা ও রূপার মরিচা (জং) দূর করে। আর হজ্ব কবুল হলে তার একমাত্র প্রতিদান জান্নাত। (তিরমিজি, মুসনাদে আহমদ)

যারা হজ্ব পালনের জন্য যথেষ্ট সামর্থবান নন, তাদের জন্যে আছে ওমরাহ পালনের অপূর্ব সুযোগ। আবু হুরায়রাহ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘উমরাহ; এক উমরাহ থেকে পরবর্তী উমরাহর মধ্যবর্তী সময়ে যা কিছু পাপ (সগীরা) কাজ ঘটবে তার জন্য কাফফারা (প্রায়শ্চিত্ত করে)’’ (সহীহ বুখারী, হাদীস নং ১৬৫০)। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘রমযান মাসে উমরাহ পালন করা -আমার সাথে হজ্ব করার ন্যায়’’ (সহীহ বুখারী, হাদীস নং ১৮৬৩)।

সম্প্ৰতি ভিসা জটিলতা কমাতে খুবই সহজে এবং অল্প খরচে ইউরোপ থেকে ওমরাহ করা সম্ভব হচ্ছে। ওমরাহ করার দুই ধরনের ভিসা নিতে পারবেন:
১. স্টেপ-ওভার ভিসা: যারা Saudia Airlaines/Flynas এ বাংলাদেশে যাওয়া বা আসার সময় যদি অল্প সময়ের মধ্যে ওমরাহ করতে চান তাহলে এই ভিসা নিতে পারেন। খরচ ২৩ €, সৰ্বোচ্চ ৪ দিন থাকতে পারবেন। বিস্তারিত: https://www.saudia.com/transit-visa

২. ই-ভিসা: যারা ৪ দিনের বেশি থাকতে চান তাদের জন্যে। খরচ: প্রায় ১০০ €। মেয়াদ: ১ বছর, বার বার যেতে পারবেন, একবারে সর্বোচ্চ ৯০ দিন থাকা যাবে। ইউরোপীয় ইউনিয়ন এর যেকোনো দেশের রেসিডেন্ট পারমিট থাকলে যেকেউ অন-এরাইভাল ভিসা নিতে পারবেন (https://www.sta.gov.sa/…/new-instant-e-visa-options-for…)। এছাড়া অনলাইনে খুব সহজে ভিসা করা যায়।

বিমান: Wizzair: Vienna (আসা-যাওয়া ১৫০ € বা তার বেশি)
Flynas: Berlin ( ৩০০ ইউরো বা তার বেশি); আরো অনেক শহর থেকে আছে, ভাড়া কমবেশি হতে পারে।

মক্কা থেকে মদিনা হাইস্পিড ট্রেন ২:২০ ঘন্টা, ২০-২৫€ (https://sar.hhr.sa/timetable#); কার: ৪:৩০ ঘন্টা।

হোটেলের ব্যবস্থা একদম কম থেকে শুরু করে পাঁচ তারকা সব ধরণের ব্যবস্থা আছে। হোটেল আগে থেকে বুক না করলেও সমস্যা নেই, বাংলাদেশী ভাইদের সব জায়গায় পাবেন। একটু আগে থেকে পরিকল্পনা করলে আশা করা যায় ৫০০-৬০০€ তে ওমরাহ সম্পন্ন করতে পারবেন (কমবেশি হতে পারে)।

এছাড়া আপনাকে ওমরাহ করার সময়টা এবং আল্লাহর রাসূল (স:) এর কবর যিয়ারত করার জন্যে Nusuk app/https://www.nusuk.sa/ তে টাইম স্লট বুক করে নিতে হবে।

আসুন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ওমরাহর নিয়ত করে ফেলি। বন্ধুদের সাথে অথবা পরিবারকে নিয়ে পরিকল্পনা করে ফেলুন, আল্লাহ সহজ করে দিবেন, ইনশা আল্লাহ।

ওমরার নিয়ম নিয়ে পরবর্তীতে বিস্তারিত পোস্ট করবো, ইনশা আল্লাহ। ওমরাহ সম্পর্কিত কোনো জিজ্ঞাসা থাকলে আমাদেরকে জানাবেন, যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করবো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *